ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিভিন্ন খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভূমিকা রেখেছে। আগামীতেও অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, সব পথ ও মতের মানুষকে সঙ্গী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করব।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান বলেন, অনেক চড়াই-উতরাই পার করে আজকে একটি প্রতিষ্ঠান ৭৭ বছর অতিক্রম করে এই জায়গায় পৌঁছেছে। যারা এই ঐতিহাসিক যাত্রায় অবদান রেখেছে, তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। তুলনামূলক বিবেচনায় বর্তমান অ্যালামনাইয়ের নানা কর্মকাণ্ড দৃশ্যমান। অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে সবার সাথে সম্পর্ক তৈরি হয়েছে।
তিনি বলেন, দলান্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমালোচনা সহ্য করেও সাবেকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকের রাজনৈতিক পরিচয় থাকলেও, কাজের ক্ষেত্রে পার্থক্য না রাখার অনুরোধ থাকবে।
আমাদের অ্যালামনাইয়ের অগ্রযাত্রার পথ এখনো অনেক বাকি রয়েছে। আমাদের এই অগ্রযাত্রা পারস্পরিক সম্মান রেখেই চালিয়ে যেতে হবে।
আরআর