গোপনে আংটিবদল করলেন দক্ষিণী সিনেমার উজ্জ্বল তারকামুখ জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা। একে অপরকে আরও ভালোভাবে চিনে নেওয়ার জন্যই তারা বাগদানকে গোপন রেখেছে বলে গুঞ্জন রয়েছে।
এর আগে ২০১৭ এর জুলাইয়ে রাশমিকার প্রথম বাগদান হয় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে, পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে সে বাগদান ভেঙে যায়। তবে ২০১৮ সালের হিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ তার জীবন বদলে দিয়েছে বলেও শোনা যায়।
‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমায় প্রথম জুটি বেঁধেই বিজয়ের প্রতি দুর্বল হয়ে পড়েন মান্দানা। একসঙ্গে সময় কাটাতে কাটাতে সম্পর্ক জোরালো হয় ২০২৩ সালে। যখন তারা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।
২০১৮ থেকে ২০২৫ আট বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। তবু রাখঢাক গুড়গুড় গেল না তাদের। দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে এই পূজাতেই নাকি শুভ কাজ সেরে ফেলেছেন তারা। বিজয়ের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা।
সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই চার হাত এক হতে পারে বলেও আবার গুঞ্জন উঠেছে।
বিয়ের আগেই নাকি নিজেদের ভালোভাবে পরখ করে দেখে নিতে চান বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাই বাগদানের পরও মাস তিনেক সময় নিচ্ছেন তারা। প্রকাশ্যে আনছেন না তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই নাকি বাগদান সম্পন্ন হয়েছে। যদিও দুই তারকার তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।
বাগদানের গুঞ্জন ছড়াতেই দুই তারকার ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় তারকা যুগলের ছবি দিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
বিজয়-রাশমিকার এত গোপনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। গত আট বছর ধরে যারা সম্পর্কে, প্রায়ই অন্তরঙ্গ সময় কাটাতে উড়ে গেছেন বিদেশে, নিজেদের ভালোবাসায় আস্থা না রাখতে পারার বিষয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু একবার বাগদান ভেঙেছে অভিনেত্রীর, সম্ভবত সে কারণেই এত গোপনীয়তা।
সময়ের আলো/জেডআই