বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়। মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণ করার জন্য অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা থেকে ২০০০ টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা একটি আধা সরকারি পত্র অর্থ বিভাগে পাঠান। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ একটি পত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করে।
মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনা করে আগের আধা সরকারি পত্রের ধারাবাহিকতায় ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণের অনুরোধ সংবলিত একটি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছে। ওই পত্রে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হলে সম্ভাব্য আর্থিক সংশ্লেষের একটি প্রাক্কলনও তুলে ধরা হয়েছে।
মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনা করে অর্থ বিভাগের ৩০ সেপ্টেম্বর জারিকৃত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা হতে ১৫০০ টাকা নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনায় বসেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অতিরিক্ত সচিব (অভ্যন্ত দিলরুবা শাহীনার কক্ষে এ আলোচনা হচ্ছে। আলোচনায় যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত আছেন।
অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে শাহবাগ এলাকা এখন উত্তাল। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান কর্মসূচি থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন করেন শিক্ষকরা। পরে দুপুর ২টার দিকে শাহবাগ অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগে উপস্থিত শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমাদের কর্মবিরতি চলবে।
এর আগে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করেছে; তবে এই ঘোষণা ৫ অক্টোবর প্রকাশিত হওয়ার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায়, যাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া অন্তত দুই থেকে তিন হাজার টাকা করা হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তাদের মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১ হাজার টাকার বাড়ি ভাড়া ভাতা দেওয়া হতো, যা সাম্প্রতিক সময়ে ৫০০ টাকা বাড়ানো হয়েছে। আগে শিক্ষকরা বছরে দুটি উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ হারে পেতেন; তবে গত মে মাসে বাড়ানোর পর এখন তারা এবং অন্যান্য এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।
সময়ের আলো/জেডআই