টিভি পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। নাটকের বাইরেও নানা বিষয় নিয়ে সব সময় থাকেন আলোচনা কিংবা সমালোচনায়। এবার ছোট পর্দার এই অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার অভিযোগ, প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। তবে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি। নারী উদ্যোক্তার অভিযোগের পর এ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে যোগাযোগ করেন। সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে? এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী। ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম।
এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে। তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তুলেন ওই নারী উদ্যোক্তা।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অবেশেষ এ নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।
ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হা হা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’
অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
সময়ের আলো/এনএ