টানা বাড়ার পর গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যায়। এদিন ৫ শতাংশের বেশি কমে গিয়েছিল স্বর্ণের দাম। একদিন না যেতেই বুধবার (২২ অক্টোবর) আবারও দাম বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স এর।
রয়টার্স এক প্রতিবেদনে বলছে, চলতি সপ্তাহের শুরুতে বড় পতনের পর বুধবার সোনার দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে, যা বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহী করেছে। বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৩৭ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে।
একই সময়ে ডিসেম্বরের জন্য ইউএস গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।
তবে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম আগের দিনের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমে ৪০৬৭ দশমিক ডলার হয়েছে, যা গত দুই সপ্তাহের মধ্যে কম।
রয়টার্স বলছে, গত কয়েক দিনে বিশ্ববাজারে সোনায় বিনিয়োগের কারণ দু’টি। এই দু’টি কারণ হলো– ডলারের দাম কমেছে এবং মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কিনতে আগ্রহী হয়েছেন।
সপ্তাহের শুরুতে ৫ দশমিক ৩ শতাংশ কমেছিল স্বর্ণের দাম, যা ২০২০ সালের আগস্টের পর থেকে সবচেয়ে বড় দৈনিক পতন। ওই সময় সোনার দাম ৪ হাজার ০০৩ দশমিক ৩৯ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল।
সময়ের আলো/এনএ