পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে থাকা চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে কানাডার টরন্টোতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর।
রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন।
বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, কমান্ডার সোহায়েল সংক্রান্ত একটি অপপ্রচার ছাড়ানো হচ্ছে। যা সত্য নয়। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন। জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে আহ্বান জানিয়ে জেল কর্তৃপক্ষ আরও জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়- রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে টরন্টোর স্কারবরো এলাকায় দেখেছেন।
গত বছরের ২০ আগস্ট ঢাকার বনানী থেকে সোহায়েলকে আটক করা হয়। তার আগে ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।
২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মদ সোহায়েল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। তার আগে সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন।
আওয়ামী আমলে তার বিরুদ্ধে নিরীহ লোকজনকে ধরে এনে খুন, হত্যা ও গুমের অভিযোগ ওঠে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কেউ পুলিশ বা র্যাবের অভিযোগ করতে পারেনি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তার অপরাধগুলো নতুন করে আলোচনায় আসে। তিনি ৫ আগস্টের পর গা ঢাকা দিলে তাকে খুঁজতে থাকেন ভুক্তভোগীরা। অবশেষে তিনি ঢাকার বনানীর একটি বাসায় লুকিয়ে আছেন জানার পর পুলিশে খবর পেয়ে গিয়ে তাকে গ্রেফতার করে।
/এমএইচআর