অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।
এ দিন অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় দুদকের তদন্ত কর্মকর্তারা তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এছাড়া দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন এর বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
৮৫৭ কোটি টাকার জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, এই আসামিসহ অপরাপর আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে।
ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিতরণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার জন্য বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করার দায়ে আসামী নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এছাড়া ৬১৫ কোটি টাকার মামলার আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন আসামীর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদানের অভিযোগ রয়েছে।
তারা এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে। আত্মসাৎকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার নিমিত্ত বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর, হস্তান্তর করার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এএডি/