আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রত্যাশিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের কয়েকটি সংগঠন মিলে ‘প্রাথমিক শিক্ষক

2025-11-05T17:18:25+00:00
2025-11-05T17:18:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা
তিন দফা দাবিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম 
ফাইল ছবি
প্রত্যাশিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের কয়েকটি সংগঠন মিলে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে একটি মোর্চা গঠন করে তারা। সেই ব্যানারেই আগামী ৮ নভেম্বর (শনিবার) থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে প্রাথমিক শিক্ষক সংগঠনগুলো। 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল—১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। 

দাবি বাস্তবায়ন পরিষদের এই আন্দোলনে রয়েছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষক সংগঠন। 


জোটের কর্মসূচির বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘বারবার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন করছেন না। তাই আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।’ 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘প্রাথমিকের ডিজি, সচিব ও উপদেষ্টা সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে আন্তরিক হলেও অর্থ মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই কালক্ষেপণ করছে। শিক্ষকরা এবার আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবে।’ 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি বলেন, ‘শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারীর অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। আগামী ৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে দাবি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকরা শ্রেণিবৈষম্য থেকেও মুক্তি আদায় করবে।’ 

সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘নিয়োগ যোগ্যতা অনুযায়ীই আমরা সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি করছি। বারবার আমরা মন্ত্রণালয়ে এর যৌক্তিকতাও প্রমাণ করেছি। কিন্তু সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের কথা উঠলেই অর্থ মন্ত্রণালয়ের খাজাঞ্চিতে টান পড়ে।’ 

১০ম গ্রেড বাস্তবায়নের আরেক সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা বলেন, ‘বারবার প্রতারিত হওয়ায় শিক্ষকরা এখন রাজপথকেই বেছে নিয়েছেন। আশা করি কর্তৃপক্ষ শিক্ষকদের পালস বুঝবেন।’ তিনি ৮ নভেম্বর সব শিক্ষককে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   আন্দোলন  প্রাথমিক শিক্ষক  তিন দফা দাবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: