আগামী বছরের সরকারি ছুটি বেড়েছে। ২০২৬ সালে সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মোট ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৯ দিন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেসসচিব জানান, উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি ছিল। গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছিল।
সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ছুটি ছিল মোট ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি ছিল।
২০২৬ সালের সরকারি ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে ছুটির সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) পড়েছে ৯ দিন। সুতরাং, মূল ছুটি হবে ১৯ দিন।
এ সময় শফিকুল আলম বলেন, ‘নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন। তার মধ্যে ৯ দিন হচ্ছে শুক্র ও শনিবার। ফলে, আসল ছুটি যেগুলো কর্মদিবসে পড়েছে সেটা হচ্ছে ১৯ দিন, উপদেষ্টা পরিষদের সভায় এটা আজ অনুমোদন দেওয়া হয়েছে।’
লজিস্টিক নীতিমালা নতুন করে প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, ‘২০২৪ সালে একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, কিন্তু সেটি কাজ করার উপযোগী ছিল না। সেখানে ২-৩ পাতা শেখ মুজিবের বন্দনা ছিল।’
তিনি বলেন, ‘এটা কোনো আইন না, তবে একটা নীতিমালা থাকলে সরকার তার কাজগুলো ঠিকমতো করতে পারে, দিক নির্দেশনা পায়। আজ পাস হওয়া নীতিমালার ফলে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত নির্ণয় করা যাবে। ফলে, দেশের পাবলিক এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়বে, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসবে, বাংলাদেশের রপ্তানির যে অবস্থা প্রতিযোগিতামূলক অন্যান্য দেশের তুলনায় সেটি আরও ভালো হবে। এখন দেখা যাচ্ছে পণ্য অনেক ক্ষেত্রে ১১ দিনের মতো চট্টগ্রাম বন্দরে পড়ে থাকতো। এই নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশে পণ্য পরিবহন এবং সহজলভ্যতা খুব দ্রুত হবে। আমরা রপ্তানিও খুব দ্রুত করতে পারবো। ফলে বিদেশি কোম্পানিগুলো আরও আগ্রহী হবে বাংলাদেশে বিনিয়োগ করতে।’
সময়ের আলো/এনএ