চলতি মাসের শেষ সপ্তাহে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা

সমীরণ রায়

শেষ পাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটগত ভোটে যাবে বামপন্থি দলগুলো। ইতিমধ্যে দফায় দফায় আলোচনা করে ঐকমত্যে পৌঁছেছে দলগুলোর

2025-11-10T02:26:13+00:00
2025-11-10T02:26:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শেষ পাতা
চলতি মাসের শেষ সপ্তাহে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা
বামপন্থিদের জোট ঘোষণা ১৫ নভেম্বর
সমীরণ রায়
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:২৬ এএম 
প্রতীকী ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটগত ভোটে যাবে বামপন্থি দলগুলো। ইতিমধ্যে দফায় দফায় আলোচনা করে ঐকমত্যে পৌঁছেছে দলগুলোর নেতারা। 

একই সঙ্গে পতিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের সেক্যুলার পক্ষীয় ভোট করায়ত্ত করতে চায় তারা। আগামী ১৫ নভেম্বর কনভেনশনের মধ্য দিয়ে বাম দলগুলোর জোটের ঘোষণা আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সক্রিয় হয়ে ওঠে বাম দলগুলো। ইতিমধ্যে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ জোট গঠনে সম্মত হয়েছে। 

গত কয়েক মাস ধরে ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতায় ১৫ নভেম্বরের কনভেনশনে উপস্থিত থাকবে এই তিন জোট। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র ও পাহাড়ি সংগঠনগুলোও যোগ দেবে। কনভেনশনে খসড়া নীতিমালা উপস্থাপন, দাবিনামা পেশ এবং প্রচার শুরু হবে। জোটের নাম এখনও চূড়ান্ত না হলেও প্রস্তাবিত নাম ‘বাম গণতান্ত্রিক বিকল্পধারা’ অথবা ‘যুক্তফ্রন্ট’।

নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে তিন জোট নিজ নিজ দল থেকে প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করছে, যা প্রকাশ করা হবে না। জোট গঠনের পর আসন সমঝোতার ভিত্তিতে আলোচনা করে চলতি মাসের শেষ সপ্তাহে ৩০০ আসনে জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। কাকে কোথায় মনোনয়ন দেওয়া হবে সিদ্ধান্ত নেবে জোট। ২০ নভেম্বরের মধ্যে না হলেও চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।

অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রূপরেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও (ইসি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ইসি জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এ কারণেই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ৩০০ আসনে প্রার্থীর ঘোষণা দিতে চায় বাম দলগুলো। শুধু তাই নয়, পতিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের সেক্যুলার পক্ষীয় ভোট করায়ত্ত করতে চায় তারা।

বাম নেতারা জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে গত বছরের গণঅভ্যুত্থানের পর ঐক্যের গতি বেড়েছে। বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের ১৪ দলীয় জোটে থাকা জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, বাসদের একাংশসহ কয়েকটি দল এখন নিষ্ক্রিয়। 

গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চে যুক্ত। বাকি দলগুলো বৃহত্তর বাম ঐক্য গড়তে সিপিবি ও বাসদের নেতৃত্বে এগোচ্ছে। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। গণফোরাম, ঐক্য ন্যাপের সঙ্গেও আলোচনা চলছে, তবে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। আদিবাসী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গেও বৈঠক হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, বামপন্থিদের জোট গঠনের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৫ নভেম্বর কনভেনশন আছে। এরপরই আলোচনার ভিত্তিতে জোটের ঘোষণা আসবে। এই জোট ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে লড়বে। 

ইতিমধ্যে সিপিবি প্রার্থী মনোনয়ন বোর্ড গঠন করেছে। জোট গঠনের পর আসন সমঝোতার ভিত্তিতে জোটগতভাবে প্রার্থী ঘোষণা করা হবে। জোট সিদ্ধান্ত দেবে কাকে কোন আসনে মনোনয়ন দেওয়া হবে। তবে আমাদের এই জোট গঠন হওয়ার পরও যদি গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি কোনো দল আসতে চায়, তাদের জন্য দরজা খোলা থাকবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ইসি জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই ভোটের মাঠে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আগামী নভেম্বরের শেষ সপ্তাহে জোটগতভাবে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, বামপন্থিদের বিকল্প শক্তি গঠনের অংশ হিসেবে আমরা একটি জোট গঠন করতে যাচ্ছি। ইতিমধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। হয়তো চলতি মাসের মধ্যেই এই জোটের ঘোষণা আসবে আশা করছি। বামপন্থিরা জোটগতভাবেই আগামী নির্বাচনে ভোটের মাঠে লড়বে।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে আমাদের দলীয় প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত। আর জোট গঠনের কাজ এগিয়েছে এবং আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চলমান। যদিও ২০২৩ সাল থেকেই আমরা এক সঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছি। এটি এখন জোটে রূপ নেবে। তবে জোটের নাম এখনও ঠিক হয়নি।

সময়ের আলো/এআর

  বিষয়:   প্রার্থী  ঘোষণা  সংসদ নির্বাচন 


Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: