বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের টিকিট বিক্রির চুক্তি বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিয়াজি আলম চৌধুরী এই রিট দায়ের করেন।
গত ৩০ অক্টোবর, সহজ ডটকমের সঙ্গে রেলওয়ের চুক্তি নিয়ে প্রশ্ন তুলে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছিল এবং রেলপথ সচিব, আইন সচিব, পরিকল্পনা সচিব, রেলওয়ের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) এবং সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এটি পাঠানো হয়েছিল।
আইনি নোটিশে বলা হয়েছিল, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে চুক্তির শর্তাবলী প্রকাশ করতে হবে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির চুক্তিটি স্থগিত করতে হবে এবং রেলওয়ের ই-টিকিট ব্যবস্থার পরিবর্তে পুরনো ম্যানুয়াল টিকিটিং ব্যবস্থা চালু করতে হবে।
এছাড়া মিয়াজি আলম চৌধুরী দাবি করেন, রেলওয়ের ই-টিকিট সিস্টেমের কারণে যাত্রীদের মধ্যে নানা অস্বস্তি সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘টিকিট বিক্রির ওয়েবসাইট খুলতেই লক্ষ লক্ষ হিট পড়তে শুরু করে। জনপ্রিয় গন্তব্যের টিকিট কিছু মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, যা যাত্রীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। এভাবে টিকিটের সিস্টেম চালু করার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, যা সংশোধন করা প্রয়োজন।’
আরও পড়ুন
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক সম্প্রতি মন্তব্য করেছিলেন, ‘দুই মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়া, এটা কোনো সিস্টেম হতে পারে না।’
আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে যে, যদি সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে হাইকোর্টে রিটের মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এএডি/