রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামীলীগ ও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ এবং তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সম্মিলিত ছাত্র সংসদ (ডাকসু, জাকসু, রাকসু, চাকসু)।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর ভিপিদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা-শ্রমিক ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আঠারো বছরের ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্ত করেছে। সহস্র শহীদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশ যখন ফ্যাসিবাদের বিলুপ্তির পথে, তখনই বিতাড়িত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লগী-বৈঠার তাণ্ডব, গুম-খুন ও রাষ্ট্রীয় দলীয়করণের মাধ্যমে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয় , প্রায় দুই হাজার শহীদের রক্তে অর্জিত জুলাই বিপ্লবের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। দেশজুড়ে নাশকতা ও হামলার ষড়যন্ত্র চললেও সন্ত্রাস দমনে তৎপরতা সন্তোষজনক নয়; তাই আওয়ামী দুর্বৃত্তপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে।
জুলাই সনদ, গণভোট ও নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচাররা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তায় আওয়ামী সন্ত্রাসীদের শেকড় উৎপাটনে সরকারকে আরও সক্রিয় হতে হবে এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, অবিলম্বে এই দেশদ্রোহী গণহত্যাকারীদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করতে হবে এবং দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হাত থেকে জাতিকে নিরাপদ করতে হবে। পাশাপাশি জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচারের দৃশ্যমান উন্নতি জাতির সামনে তুলে ধরতে হবে।
একইসাথে সম্মিলিত ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর পক্ষ থেকে আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র-জনতা-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি গণহত্যাকারী ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। দেশের যে প্রান্তেই এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
এএডি/