রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ছাড়া ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি ১১/এ সড়কে আইসিটি কার্যালয়ের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়।
দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক সময়ের আলোকে বলেন, ‘দুজন মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। কাউকে শনাক্ত করা যায়নি। কেউ হতাহত হয়নি।’
এ ছাড়া, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত পৌনে আটটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুর সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা এবং ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ।
এ প্রসঙ্গে জিসানুল হক বলেন, ‘মিছিলের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সময়ের আলো/এনএ