ঢাকায় নেমে এসেছে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই নগরবাসী অনুভব করছেন হালকা শীতের আমেজ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ, আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
অন্যদিকে, সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। চলতি সপ্তাহের শেষ দিকে শীতের অনুভূতি আরও কিছুটা বেড়ে যেতে পারে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।
এএডি/