ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি সাদিক কায়েম বৃহস্পতিবার শিক্ষার্থীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু যেসব ব্যক্তি তার প্রতি সহানুভূতি দেখাবে তারা একদেশ থেকেও পালাতে পারবে না। ছাত্রজনতা তাদের যেখানে পাবে, প্রতিহত করবে।’
এই মন্তব্য তিনি ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যে সমাবেশের সময় করেন। মিছিলটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং সারাদেশে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়।
ডাকসু ভিপি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত খুনি হাসিনার রায় ঘোষণা করতে হবে এবং তাকে দেশে এনে শাস্তি দিতে হবে। এছাড়া তার সহযোগী এবং দোসরদের বিচারের আওতায় আনা প্রয়োজন। দেশের অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাকে খুনি, ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বলতেও ভয় পায়।’
আরও পড়ুন
তিনি আরও সতর্ক করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া প্রজন্ম কোন ভয় দেখেনি। যারা দেশের সংস্কার ও ন্যায়বিচারের পথে বাধা দিতে চাইবে, তাদের পরিণতি খুনি হাসিনার চেয়েও খারাপ হবে।’
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘বিচার চাই’, ‘গণহত্যার বিচার চাই’, ‘জুলাই সনদ আইন কর, ইনসাফ কায়েম কর’, ‘নভেম্বরে গণভোট দিতে হবে’, ‘খুনিলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
এএডি/