মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকাসহ কয়েকটি মহানগর ও জেলায় পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থককে আটকের তথ্য দিয়েছে পুলিশ। এছাড়া আগে থেকেই পুলিশকে সহায়তার জন্য দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা আছে।
পুলিশকে উদ্ধৃত করে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবর অনুযায়ী, রোববার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার বাংলামোটর এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই স্থানের কাছেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতাদের একাংশের সমন্বয়ে গঠিত এনসিপির প্রধান কার্যালয় ছিল।
এর আগে রাত নয়টার দিকে ঢাকার সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকায় মধ্যরাতে তিতুমীর কলেজের সামনে সড়ক ও আমতলী মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে বনানী থানা পুলিশ। ওই সড়কেই একটি বাসে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।
এছাড়া মোটরসাইকেলে এসে মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে। এছাড়া ফার্মগেটে রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
অন্যদিকে, মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালায় দুষ্কৃতিকারীরা।
ঢাকার বাইরে ধামরাই ও সাভার উপজেলায় রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে, যদিও এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সিলেটে পাঠানটুলা এলাকায় কয়েকটি দোকানপাট ও গাড়ির ওয়ার্কশপে আগুন লেগেছে।
রোববার রাতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ ও মশালমিছিল করেছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ওই মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এর আগে রোববার ভোরেও ওই মহাসড়কে গাছ কেটে অবরোধ করেছিলো আওয়ামী লীগের সমর্থকরা, যার ফলে ওই সড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
একই রাতে মোটরসাইকেলে এসে কয়েকজন পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এসে গাছ কেটে রাস্তা অবরোধ করলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে।
রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুই দফায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামে দুই রিকশাচালক আহত হয়েছেন। জানা গেছে, রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত, শেখ হাসিনার এই মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা সম্পর্কিত নানা ঘটনা ঘটছে। এর আগে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার দিন আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ চলাকালে নানা জায়গায় যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
সময়ের আলো/জেডআই