হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আওয়ামী দোসর কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ডাকসু প্রতিনিধিদের নেতৃত্বে উপাচার্যকে স্বারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে শিক্ষার্থীরা উপাচার্য অফিস ঘেরাও এবং পরবর্তীতে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি প্রদান শেষে সূর্য সেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে। তারই প্রতিবাদে ১০০১ জন শিক্ষক বিবৃতি দিয়েছে। সেখানে আমরা খুঁজে দেখেছি প্রায় ৭৭৬ জনের মতো শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই খুনি হাসিনার পক্ষে আদালত অবমাননা করে বিবৃতি দিয়েছে। আমরা আজকে ভিসি স্যারের কাছে এসেছি এবং একটি স্বারকলিপি দিয়েছি। স্যার ইতোমধ্যেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করছেন। সেটির মাধ্যমে এটার তদন্ত হবে এবং যারা যতটুকু দোষী ততটুকুই শাস্তি পাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, আমরা আরও জানিয়েছে গত বছর তিন আগস্ট শেখ হাসিনার পক্ষে রেজিস্ট্রার বিল্ডিংয়ে প্রায় শতাধিক কর্মচারী মিছিল করেছে। সেটির ব্যাপারেও স্বারকলিপি জমা দিয়েছি। ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন।
এসকে/