দেশে ফিরেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি।
আজ বুধবার সকালে অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, ‘১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে ১৩ নভেম্বর আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল।’
অধ্যাপক আলী রীয়াজ গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে বক্তৃতা করেন তিনি। বাংলাদেশের মূল সংবিধান এবং পরে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি করা হয়েছে–এ সংক্রান্ত একটি সেমিনার ছিল সেটি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন অধ্যাপক আলী রীয়াজ। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে। ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেয়। যার ভিত্তিতে গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে সরকার।
১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়।
আরআর