ভূমিকম্প নিয়ে ফের ভুল তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার সরকারি প্রতিষ্ঠানটির তথ্যে গড়মিল হয়েছে। রাজধানীতে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
এরপর আবহাওয়া অফিস জানায়, এর উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা; রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩ দশমিক ৭।
তবে কিছুক্ষণ পর দেওয়া বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্রা ছিল ৪ দশমিক ৩। এতে ভূমিকম্পটির ক্যাটাগরি মৃদু থেকে হালকাতে উন্নীত হয়। সময়ের হিসাবেও সামান্য পরিবর্তন করে সংস্থাটি, প্রথমে ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত বললেও পরে ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ড বলা হয়।
এর কিছুক্ষণ পর সংস্থাটি জানায়, ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। তবে ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীতে।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত ভূমিকম্পের পর সংস্থাটি জানায়, এর উৎপত্তিস্থল ঢাকার অদূরে সাভারের বাইপাইল। তবে বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তিতে উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বের নরসিংদীর পলাশে বলে জানানো হয়।
সময়ের আলো/এআর