রাজধানী ঢাকাসহ সারাদেশে তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনই ছাত্রী।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। এসময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শামসুন্নাহার হলে তিনজন, কুয়েত মৈত্রী হলে একজন, বেগম রোকেয়া হলে একজন ও মাস্টারদা সূর্যসেন হলে একজন আহত হন।
জানা গেছে, শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনাসহ আরও দুই জন পায়ে গুরুতর আঘাত পেয়েছে। পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুয়েত মৈত্রী হলের একজন শিক্ষার্থীও সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন। এছাড়া বেগম রোকেয়া হলের একজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে গেলে তাকেও হাসপাতালে নেওয়া হয়।
অপরদিকে মাস্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থী মামুনুর রশিদ সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে হাতে ব্যথা পাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে কারিগরি বিবেচনায় আগামীকাল রোববার বিকাল পাঁচটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে জনসংযোগ দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এফআর