ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইবিএর আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। প্রথম দিনেই আইবিএর ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রায় ৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭টি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৪৫ হাজার কম আবেদন পড়েছে। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। প্রতি আসনের জন্য লড়াই করছেন প্রায় ৪৬ জন।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
জানা যায়, এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭টি। আসনপ্রতি প্রায় ৯২ দশমিক ৮৯টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮ হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ২৭৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৬৩। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৭ দশমিক ৪০টি।
সময়ের আলো/কেএইচও