ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হলের বিড়ালদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ডাকসু কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ভূমিকম্পজনিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রায় ফাঁকা হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যাওয়ায় হলের বিড়ালগুলো খাদ্য সংকটে পড়েছে। হলের ক্যান্টিন, মেস এবং শিক্ষার্থীদের দেওয়া খাবারের ওপর নির্ভরশীল বিড়ালগুলো শিক্ষার্থীদের অনুপস্থিতিতে অভুক্ত রযেছে। এতে শারীরিক দুর্বলতা ও নানা ঝুঁকির সম্মুখীন হচ্ছে বিড়ালগুলো।
এই দুরবস্থা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে হলের বিড়ালদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। তিনি বিভিন্ন হলে গিয়ে অভুক্ত বিড়ালদের জন্য ক্যাটফুড ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন।
প্রাথমিক পর্যায়ে মেয়েদের হলগুলোতে বিড়ালের খাদ্য সহায়তা পৌছানো হয়েছে। ধারাবাহিকভাবে বাকী ছেলেদের হলগুলোতেও খাবার পাঠানোর ব্যবস্থা করছে ডাকসু। পাশাপাশি ক্যাম্পাসের কুকুরগুলোর জন্যও খাদ্য সরবরাহ করা হবে।
সময়ের আলো/এসকে/