ভারতের এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি) অর্থ পাচারের অভিযোগে বলিউড অভিনেত্রী নেহা শর্মার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিনেত্রীকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডির তদন্তকারী দল।
নেহা শর্মা, যিনি কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে এর আগেও ইডির কাছ থেকে নোটিশ পেয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূলত জানতে চায়, নেহা শর্মা বিতর্কিত অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন এবং তিনি কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন যা অর্থের বিনিময়ে হয়েছে।
অভিনেত্রীর বয়ান প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বেটিং অ্যাপটির প্রচারে তিনি কীভাবে অংশ নিয়েছিলেন এবং এতে কোনো অবৈধ আর্থিক লেনদেন হয়েছিল কি না। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ‘ক্রুক’ ছবির অভিনেত্রী।
এই মামলায় নেহা শর্মা একমাত্র সেলেব্রিটি নন, যাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে, সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, রানা দাগ্গুবাতি এবং ক্রিকেট তারকা শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন
আগস্টে যখন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে জেরা করা হয়, তিনি দাবি করেছিলেন যে তিনি কোনো বেটিং অ্যাপের প্রচার করেননি বরং তিনি ‘এ-২৩’ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছেন, যা অনেক রাজ্যে বৈধ। তিনি তার চুক্তির নথি এবং ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য ইডিকে জমা দেন।
এএডি/