ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল ০৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার বাইরে ৪টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আগামীকাল সকাল ১১:৩০টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯শ’ ৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।
সময়ের আলো/জেডআই