ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ইকবাল আহমদের নামাজে জানাজা আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ইকবাল আহমদ দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সময়ের আলো/এসকে/