চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দেবেন আজ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেবেন তিনি। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ প্যানেলের অন্য দুই সদস্য।
আজ সকাল ১০টার পর আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেন তিনি। প্রসিকিউশন বলছে, মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন তিনি।
গত ২৭ নভেম্বর ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন। এখন পর্যন্ত ছয়জনকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জন এখনো পলাতক। সরকারি খরচে তাদের পক্ষে গত ২২ জুলাই চারজন আইনজীবী নিয়োগ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন।
/ইউএমএইচ