আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
প্রায়ই সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) একই বাসে করে গন্তব্য স্থানে যাচ্ছিল কলেজ দুটির কয়েকজন শিক্ষার্থী। এ সময় বাসের ভিতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরক্ষণেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়।
গত ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায়। মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন শিক্ষার্থীরা।
আরআর