সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

মানি লন্ডারিং আইনের মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও

2025-12-09T23:34:35+00:00
2025-12-09T23:34:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম 
এনামুর রহমান। ছবি : সংগৃহীত
মানি লন্ডারিং আইনের মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর স্ত্রী শামীমা জাফরিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল ইসলাম খান এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ আসামির আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ডা. এনামুর রহমান অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন এবং ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা ‎সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি করে দুদক।

‎মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামি ডা. মো. এনামুর রহমানের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।


‎অন্যদিকে মাহবুব আলীর স্ত্রীর আরকর নথি জব্দের আবেদনে বলা হয়, গত ২৪ এপ্রিল এজাহারনামীয় আসামি শামীমা জাফরিন ও তার স্বামী মো. মাহবুব আলীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৭৭৭ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা/দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২)/দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করে দুদক। আসামি শামীমা জাফরিন একজন আয়কর দাতা। আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির ২০১২-২০১৩ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   প্রতিমন্ত্রী  এনামুর রহমান  আয়কর নথি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: