শান্তিচুক্তি ভঙ্গ এক মাসেই
ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ এএম
গতকাল সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সংগৃহীত ছবি‘শান্তি চুক্তির’ এক মাসের মাথায় ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে পুলিশ। ঠিক এক মাস আগে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়। নিজেদের ‘ভাই ভাই’ স্লোগান দিয়ে তারা মারামারি করবে না বলে প্রতিজ্ঞা করেন। এক মাসের মাথায় আবার সংঘর্ষ হলো। এ সময় ধানমন্ডিতে ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে যায়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়া হয়।
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, সকালে কী কারণে ঘটনা শুরু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালান, এমন অভিযোগের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব দুপুর সোয়া ১২টার দিকে বলেন, কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় ঢাকা কলেজের ছাত্রদের বুঝিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কলাবাগান এলাকায় পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গত ৯ নভেম্বর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় মৌখিক শান্তিচুক্তি হয়। চুক্তি শেষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করে, আর মারামারি করবে না। এ সময় তারা স্লোগান দেন, আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই।
গত এক বছরে নানা কারণে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ১৫ বারের বেশি সংঘর্ষে জড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ ছয় মাসে তারা তিনটি বড় সংঘর্ষে জড়ায়।
সময়ের আলো/এনএ