মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী বিশ্ব রেকর্ড গড়তে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এই ঐতিহাসিক প্যারাট্রুপিংয়ের মাধ্যমে দিবসটিকে স্মরণীয় করে তুলছেন।
এই বিশেষ অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সংবলিত একটি হেলমেট পরে প্যারাসুট জাম্প সম্পন্ন করেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ৫৪ সদস্যের এই দলে থাকা আশিক চৌধুরী তার জাম্পটি বিশেষ আবেগ ও সম্মানের সঙ্গে হাদির প্রতি উৎসর্গ করেছেন। একই সঙ্গে বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে ‘টিম বাংলাদেশ’-এর উদ্যোগে এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার আয়োজন করা হয়। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে, এই এয়ার শো দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই আগারগাঁও-সংলগ্ন ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা তল্লাশির পর সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়। পুরো এলাকায় সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
/ইউএমএইচ