প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২:৫১ এএম
গতকাল মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা অনুষ্ঠান। সংগৃহীত ছবি বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস পালন করেছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্থল-সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান-বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা। বিজয় দিবসের দিন বিশেষ অতিথি হয়ে ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিজনদের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান ও মেজর শের-ই-শাহবাজ।
এতে আরও ছিলেন ৮ জন মুক্তিযোদ্ধা, মো. হাবিবুল আলম, মেজর (অব.) অলিক কুমার গুপ্ত, মেজর (অব.) কামরুল আবেদিন, মেজর (অব.) মনীষ দেওয়ান, মেজর (অব.) মো. আব্দুল হাকিম, মেজর (অব.) হাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামছুল হুদা ও আবদুল্লাহ হিল শফি তাদের পরিবারের সদস্যরা।
এদিন সকালে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের কাছে অবস্থিত বিজয় স্মারক স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মিজোরামের রাজ্যপাল ও ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং (অব.), ভারতীয় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) অরূপ রাহা, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দ্র তিওয়ারীসহ দেশটির তিন বাহিনীর কর্মকর্তা ও বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। সবশেষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস।
এরপর সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধসংবলিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলটি। সেদিনকার সেই স্মৃতিবিজড়িত দৃশ্য দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। এর পাশাপাশি একটি ফটোসেশনে অংশ নেয় দুই দেশের প্রতিনিধিরা।
ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সময়ের আলো/এনএ