ওসমান হাদির মৃত্যু : সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়

2025-12-19T01:18:28+00:00
2025-12-19T01:38:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ওসমান হাদির মৃত্যু : সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:১৮ এএম  আপডেট: ১৯.১২.২০২৫ ১:৩৮ এএম  (ভিজিট : ৩৩৮০)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ ছাত্র-জনতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সারাদেশে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। 

বৃহস্পতিবার রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করেন। সময়ের সাথে সাথে এই জমায়েত বিশাল জনসমুদ্রে পরিণত হয়। শাহবাগ মোড় পুরোপুরি অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। যার ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় বিভিন্ন স্লোগান দেন। রাজপথের মিছিলে এখন প্রতিধ্বনিত হচ্ছে— ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা বলব’-এর মতো কড়া স্লোগান। 

এদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে একটি 'সুপরিকল্পিত রাজনৈতিক হত্যা' হিসেবে অভিহিত করা হয়েছে। সহযোদ্ধারা অভিযোগ করেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদীর বলিষ্ঠ কণ্ঠস্বর থামিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, খুনিদের দ্রুত গ্রেফতার এবং এই ষড়যন্ত্রের মূল হোতাদের মুখোশ উন্মোচন না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। 


কেবল রাজধানীর শাহবাগ, বাংলামোটর, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, রামপুরা, কিংবা পুরান ঢাকা নয়, সারাদেশে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়- 

সারাদেশে বিক্ষোভ 
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল রাবি : শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের অভিমুখে রওনা দেন। 

এ সময় শিক্ষার্থীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন। 

ঝালকাঠিতে শোকের মাতম: হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ : শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একইসঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা-ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। 

খবরটি ছড়িয়ে পড়ার পরপরই নলছিটির খাসমহল এলাকায় হাদির বাড়িতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন। কান্না, আহাজারি আর স্তব্ধতায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাতে হাদির পরিবারের সদস্যরা কারও সঙ্গে সাক্ষাৎ বা কথা বলেননি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরিবারটির সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশী, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন একাধিক সহপাঠী। 

হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ : শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দিবাগত রাতে মিছিলে অংশগ্রহণকারীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবোসহ নানা স্লোগান দেন। 

বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ লড়াই শেষে তার মৃত্যু হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ওসমান হাদির মৃত্যু  সারাদেশ  বিক্ষোভ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: