ভোট বানচালে টার্গেট নির্বাচন অফিস!

শাকিল আহমেদ

শেষ পাতা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করতে নির্বাচন অফিসগুলোকে টার্গেট করা হচ্ছে। গতকাল কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

2025-12-21T04:58:55+00:00
2025-12-21T04:58:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শেষ পাতা
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
ভোট বানচালে টার্গেট নির্বাচন অফিস!
শাকিল আহমেদ
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৮ এএম 
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করতে নির্বাচন অফিসগুলোকে টার্গেট করা হচ্ছে। গতকাল কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এর আগে গত ১১ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফলে ভোটের আগে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলোতে চোরাগোপ্তা হামলার শঙ্কা বাড়ছে।

এ ছাড়া তফসিল ঘোষণার আগে গত ১২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। তার আগে ২৬ অক্টোবর রাত ১১টা ১৫ মিনিটে নির্বাচন কমিশন এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। নির্বাচন বানচাল ও ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর আগে ভোটকে কেন্দ্র করে আগারগাঁওয়ে ইসি সচিবালয়, সারা দেশে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, ৬৪ জেলা নির্বাচন অফিস ও ৫২২টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরই ধারাবাহিকতায় দেশের সব রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসগুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এ ছাড়া চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আজ রোববার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। ভোটের সার্বিক প্রস্তুতি, প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে ওই বৈঠকে।

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন : শনিবার ভোররাতে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অফিসের পেছনে জানালা দিয়ে আগুন দিয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করব।

সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আমরা অফিসের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি। আগুনের খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সারা দেশে নির্বাচন অফিস ও সব রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ : এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। 

গত ১৮ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ওই অফিসগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ অবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিসগুলোতে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের সদয় নির্দেশনা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছে কমিশন। এ ছাড়া গত ১৩ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শককে পাঠানো এক চিঠিতে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসগুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করবে বলেছে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর কয়েকটি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এ উদ্যোগ নেয় ইসি।

ইসির ওই চিঠিতে বলা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। সময়সূচি জারির পর দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং উপজেলা নির্বাচন অফিস, মঠবাড়িয়া ও পিরোজপুরে অগ্নিসংযোগ করেছে। এ প্রেক্ষাপটে সারা দেশে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা নির্বাচন অফিসগুলোতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় ওই অফিসগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনি মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। আরও বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

অন্য আরেক চিঠিতে ইসির নিজস্ব তিন রিটার্নিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, নির্বাচন ভবন ও অফিস যাতায়াতে পুলিশি নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দিয়েছে ইসি।
ইসি বলেছে, তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।

আজ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক : চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আজ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল এজেন্ডা হলো নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথবাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা ও বিবিধ। সভায় উপস্থিত থাকার জন্য সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি ও সিআইডি), মহাপরিচালক বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‌্যাব, ডিএমপি কমিশনার ও কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সময়ের অলোকে বলেন, নির্বাচন বানচালে যারা চেষ্টা করবে কাউকে আমরা ছাড় দেব না। এ নির্বাচন কমিশন কলঙ্ক নিয়ে যেতে চায় না। ভালো নির্বাচনের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন নিয়ে আমরা কোনো শঙ্কা দেখছি না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে সংশয় আছে আশা করি তাও দূর হয়ে যাবে। সব এজেন্সি সজাগ ও সতর্ক আছে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে। নির্বাচন ঘিরে প্রতিটি জেলা, উপজেলা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে আমাদের প্রতি মুহূর্তে যোগাযোগ হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা ও কখন কোথায় কী হচ্ছে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করার উদ্যোগ নিয়েছে।



Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: