নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেফতার করেছে। পত্রিকা দুটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।’
ওসমান হাদির আততায়ীদের ধরতে না পারায় ডাকসু, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘পদত্যাগ করলে আমি এখানে বসতাম না।’
হাদি হত্যার পর রাজনীতিকসহ ৫০ জনের ‘হিট লিস্টের’ গুঞ্জন ছড়িয়েছে উল্লেখ করে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা ঝুঁকিপূর্ণ, তাদের ইতোমধ্যে একজন করে গানম্যান দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের যে ডিজিএফআই, এনএসআই, এসবি আছে, তারা নিজেরা বসে কারা কারা ঝুঁকির মধ্যে আছে—এরকম একটা লিস্ট করা হয়েছে। তাদের অনেককেই গানম্যান দেওয়া হয়েছে, আবার অনেকে গানম্যান চাননি।’
উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর।’
হাদি হত্যার সন্দেহভাজন ফয়সাল দেশে নাকি বাইরে রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হত্যাকারী কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম, দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তবে হাদির হত্যাকারী বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কি না আমি বলতে পারব না। তবে অতিদ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা হবে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং হোতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।’
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অগ্রগতি পর্যালোচনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
সময়ের আলো/এনএ