টানা দরপতনের পর ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার। দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আলোর সঞ্চার হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে দুই স্টক এক্সচেঞ্জেই সবগুলো সূচক বেড়েছে। তবে, লেনদেনের পরিমাণ কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, বিপরীতে ১২৬টির দর কমেছে। আর দিনশেষে ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে উঠেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১০০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার ডিএসইতে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ৪০৭ কোটি ৪১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অর্থাৎ, দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৬৯ কোটি ৩১ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও বুধবার সবগুলো মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪৩ পয়েন্টে উঠেছে। আর প্রধান সূচক সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান নিয়েছে।
এদিন এক্সচেঞ্জটিতে মোট ১৬৭টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টির দর বেড়েছে, কমেছে ৭৩টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে আজ ৫ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ, দিনের ব্যবধানে আজ সিএসইর লেনদেন কমেছে ১০ কোটি ৯১ লাখ টাকা।
সময়ের আলো/এনএ