
অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের প্রচারণার লক্ষ্যে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে যাত্রা শুরু করেছে এ ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।
মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই এমন একটি নির্বাচন হোক, যেখানে মানুষ তার ইচ্ছে মত ভোট দিতে পারবে। এ অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। এবার আপামোর জনসাধারণের দায়িত্ব দুটো। একটা হচ্ছে তাদের মতামত দেওয়া, কি কি পরিবর্তন তারা চান অথবা চান না। আরেকটি হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করা। আবার যেন কেউ এসে আপনাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে। এ ধরনের একটি পরিবেশ সৃষ্টির জন্য সরকার এতদিন কাজ করেছে।
তিনি আরও বলেন, ‘সুপার ক্যারাভান’ ভোটের এই গাড়িটি একটা সিম্বলিক বিষয়। এটা আপনাদের স্মরণ করিয়ে দেবে, আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণে। এর মধ্যে একটি ১৫ বছরের সত্যিকারার্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সাল।
৩০ বছরের নিচে যুবকরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তারা সত্যিকারার্থে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার আমার লক্ষ্য প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য কাজ করছি বলেও তিনি মন্তব্য করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, এমন ১০টি ভোটের গাড়ি পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।
/ইউএমএইচ