বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ (বুধবার) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে যাত্রীদের চোখে পড়ার মতো উপচেপড়া ভিড় দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে মেট্রো স্টেশনগুলোতে এমআরটি পুলিশের তৎপরতা বেড়েছে।
সরেজমিনে সাড়ে ১২টায় গিয়ে দেখা গেছে, জানাজায় অংশ নিতে এরইমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল নেমেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন অসংখ্য মানুষ। অন্যদিনের তুলনায় মেট্রোরেলের সচিবালয়, শাহবাগ, ফার্মগেট ও বিজয় সরণীসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের তল্লাশি করা হচ্ছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানাজায় অংশ নিতে আসা যাত্রীরা সুশৃঙ্খলভাবে টিকিট কেটে মেট্রোরেলে উঠছেন। তবে, টিকিট কাউন্টার ও পাঞ্চিং গেটগুলোতে দীর্ঘ লাইনের কারণে কিছু স্থানে বেশ ভিড় দেখা গেছে।
এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানিয়েছেন, বেগম জিয়ার জানাজাকে কেন্দ্র করে মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রী সমাগম বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত এমআরটি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে জ্যৈষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিট কাটা ও পাঞ্চিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগায় সাময়িক ভিড় সৃষ্টি হলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
/এমএইচআর