বছরের প্রথম দিনই অস্বাস্থ্যকর বাতাসের কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল ৮টার সময় বিশ্বের ১১৩টি দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে ছিল ঢাকা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য থেকে জানা যায়।
এ সময় ঢাকার বায়ুর মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৭৭, এ মানকে আন্তর্জাতিক মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই তালিকায় শীর্ষে অবস্থান করছে মিসরের রাজধানী কায়রো, যার স্কোর ৩৭০ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, এর স্কোর ৩১৩।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকার যেসব স্থানে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর
আজ সকালে ঢাকার পাঁচ স্থানে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর ছিল। স্থানগুলো হলো- বেচারাম দেউড়ি (২৭০), দক্ষিণ পল্লবী (২৪৪), গোড়ান (২৩৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২২) ও শান্তা ফোরাম (২১৭)।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয় বরং সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ। শুকনা মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
/ইউএমএইচ