গাজীপুরের শ্রীপুরে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) উপজেলার ডোমবাড়িচালা ও জৈনা বাজারসহ বিভিন্ন এলাকায় তিনটি এলপিজি পরিবেশক এবং দুটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির অভিযোগ পেয়ে অভিযান পরিচালন করি। এসব ব্যবসায়ীরা গুদামে পর্যাপ্ত পরিমাণ এলপিজি গ্যাস মজুদ রেখে সরবরাহ বন্ধ রাখছিল। ফলে বাজারে গ্যাসের সংকট তৈরি হয়। এ সুযোগে তারা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পাঁচ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আআ/আরআর