রাজধানীর কদমতলীতে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন (৪০) একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী কদমতলী জুরাইন এলাকায় থাকত এবং ভাঙারি ব্যবসা করত। রাতে জানতে পারেন, কদমতলির কুদর বাজার এলাকায় তার ভাই শাহাবুদ্দিনকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পান। এরপর তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কে বা কারা তার ভাইকে কুপিয়েছে তা জানতে পারেনি। তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবে বলে জানান মহিউদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলি থানা পুলিশকে ঘটনাটি জানান হয়েছে।
সময়ের আলো/এনএ