বাগেরহাটের পূর্ব-সুন্দরবন থেকে পর্যটকসহ-রিসোর্ট মালিককে অপহরণের ঘটনার মূলহোতাসহ দুই বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে তাদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকির (২৫)। এরমধ্যে মাসুম খুলনার তেরখাদা উপজেলার বিপ্র আজগরা গ্রামের মুসা মৃধার ছেলে এবং ইফাজ একই গ্রামের মো. আক্তার ফকিরের ছেলে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে বুধবার কোস্ট গার্ড সদস্যরা খুলনার তেরখাদা উপজেলার ধানখালী সংলগ্ন এলাকা হতে বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
এসময় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকদের পাঁচটি মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুর খাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী গোল কানন রিসোর্টের মালিক ও দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মি করা পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।
এফআর