শীতে কাঁপছে সারা দেশ। তীব্র কুয়াশায় ঢাকা রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চল। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, দুপুর ১টা পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ ছাড়া, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে, ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সময়ের আলো/এনএ