রাজধানীর বাড্ডা এলাকায় নিজের ভাঙারির দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে বড় বেরাইদা থেকে শাকিল হোসেন (৩০) নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাড্ডার বড় বেরাইদা এলাকার দিলীপ হোসেনের ছেলে শাকিল। তিনি ভাঙারির ব্যবসা করতেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম জানান, আমরা খবর পেয়ে ভাঙারি দোকানে গিয়ে আঁড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় ওই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, নিহতের বাবা আমাদের জানিয়েছেন গতরাতে শাকিল ভাঙারি দোকানে ঘুমিয়ে ছিল। আজ সকালে তার ছোট ভাই এসে ঘটনাটি জানতে পেরে আমাদের খবর দেয়। শাকিল নিজেই আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে এ বিষয়টি এখনও তদন্তনাধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
/ইউএমএইচ