ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৯

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়

2026-01-10T09:36:23+00:00
2026-01-10T09:36:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৯
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৬ এএম 
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৯। ছবি : সময়ের আলো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। 

স্থানীয় সূত্র জানায়, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ তুলে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। 

সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে এনসিপির ৭ জন ও বিএনপির ২ জন আহত হন।

আহত এনসিপি নেতাকর্মীরা হলেন- চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রশক্তির রবিন, এনসিপি নেতা জাফের, দুলাল ও শাহাদাত। বিএনপির আহতরা হলেন সারওয়ার এবং শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু।

এনসিপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীর তীরে করিম বাজার এলাকায় একটি পিচঢালাই রাস্তা কেটে স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবি আলম শান্তসহ কয়েকজন ইট, বালু ও পাথর বিক্রি করছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সংঘর্ষের সময় এনসিপির অন্তত ৮টি মোটরসাইকেল লুট করা হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানবিরের লোকজন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছিলেন। এ সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতাকর্মীরা মাটি বিক্রি করছেন-এমন মিথ্যা প্রচারণা চালায়।

বিএনপির অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ জানালে এনসিপি সমর্থিত লোকজন দরবেশ বাজার এলাকায় সড়কের বিভিন্ন মুরুব্বিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে ধাওয়া দিলে পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সারওয়ার ও শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারুকে আহত করে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


/ইউএমএইচ
















  বিষয়:   ফেসবুক পোস্ট  বিএনপি-এনসিপি  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: