মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও তিনজন।
শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির সালালা প্রদেশের তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং তাদের মেয়ের জামাই একই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।
গাড়িতে থাকা সাকিবের বোন, তার স্ত্রী ও ছোট মেয়ে গুরুতর আহত হয়েছেন। তারা সালালার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর বলেন, কয়েক দিন আগে মাস্কাট থেকে হজরত আইয়ুব (আ.)-এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশে তারা সালালায় যায়। গতকাল শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে ফেরার পথেই তাদের প্রাইভেটকারের সঙ্গে একটি উটের সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই মারা গেছেন।
প্রবাসে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর পৌঁছাতেই ফটিকছড়ি উপজেলার ছোট ছিলোনিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শহিদুল আজম বলেন, একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা গভীরভাবে শোকাহত।
এদিকে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আরআর