প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:২৫ এএম
ছবি : সংগৃহীত লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ৪১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নভেম্বরের শুরুতে রাজধানীর তিনটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক। সম্প্রতি লাওটিয়ান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি বাড়ি থেকে মোট ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে।
লাওফাত্তানা নিউজের প্রতিবেদনে বলা হয়, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, সিসাত্তানাক জেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ১১ থাই নাগরিক ও লাওসের একজন নাগরিককে আটক করা হয়। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।
এসব অভিযানের ঘটনায় সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে লাওসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সময়ের আলো/এসএকে