ইতালিতে কর্মী নিয়োগ, সুযোগ বাংলাদেশিদেরও

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইউরোপের দেশ ইতালিতে কাজের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য। আগামী দুই বছরে বিদেশি কর্মী নিয়োগে ৩ লাখ

2026-11-16T15:44:48+00:00
2026-11-16T15:44:48+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রবাস
ইতালিতে কর্মী নিয়োগ, সুযোগ বাংলাদেশিদেরও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
আগামী দুই বছরে বিদেশি কর্মী নিয়োগে ৩ লাখ ৩২ হাজার ৭০০ জনের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার। ছবি : সংগৃহীত
ইউরোপের দেশ ইতালিতে কাজের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য। আগামী দুই বছরে বিদেশি কর্মী নিয়োগে ৩ লাখ ৩২ হাজার ৭০০ জনের কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। ২০২৭ ও ২০২৮ সালে কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নেওয়া হবে। তবে নির্ধারিত কোটার আওতায় কাজ পেতে হলে ইতালির নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহীদের।

ইতালির ২০২৬-২০২৮ মেয়াদের কর্মী নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে এ কোটা ঘোষণা করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।

২০২৭ সালে কোন খাতে কত কর্মী

২০২৭ সালের জন্য নির্ধারিত কোটার মধ্যে অমৌসুমি খাতে ৭৬ হাজার ২০০ জন কর্মী নেওয়া হবে। কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে নিয়োগ পাবেন ৮৯ হাজার জন। এ ছাড়া স্বনিয়োজিত পেশায় ৬৫০ জন কর্মী নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অমৌসুমি খাতের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রয়েছে পারিবারিক পরিচর্যা খাতে। অর্থাৎ পরিচর্যামূলক কাজেও বিদেশি কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ থাকছে।

২০২৮ সালের নিয়োগ কোটা

২০২৮ সালেও প্রায় একই সংখ্যক বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে ইতালি সরকারের। ওই বছর মোট ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অমৌসুমি খাতে ৭৬ হাজার ২০০ জন, কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে ৯০ হাজার জন এবং স্বনিয়োজিত পেশায় ৬৫০ জনের কোটা রাখা হয়েছে।

সব মিলিয়ে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি। এর মধ্যে ২০২৬ সালের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন। চলতি বছরের নিয়োগ কার্যক্রমের নির্ধারিত সময়সূচি শেষ হওয়ায় এখন ২০২৭ ও ২০২৮ সালের নিয়োগের প্রস্তুতির দিকে নজর দিচ্ছেন আগ্রহী বিদেশি কর্মীরা।

যেভাবে আবেদন করবেন

ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া পরিচালিত হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ ক্ষেত্রে আবেদন করার প্রধান দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী হলে তাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নিয়োগকর্তাদের এ সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আবেদনের সময় কর্মীর পরিচয় ও চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। এর মধ্যে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য থাকতে পারে।

নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে কর্মীকে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নিয়োগের কোটা নির্ধারিত থাকা বা আবেদন অনুমোদিত হওয়া মানেই ভিসা নিশ্চিত হওয়া নয়। ভিসা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইতালির দূতাবাস।


বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দেবে ইতালি

বিদেশি কর্মীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রকল্পও চালু করছে ইতালি সরকার। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ব্যয় বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মী চাহিদা এবং প্রয়োজনীয় দক্ষতার ভিত্তিতে প্রশিক্ষণের বিষয়বস্তু ও ধরন নির্ধারণ করা হবে।

এ প্রক্রিয়ায়, প্রথমে ইতালির প্রতিষ্ঠানগুলো তাদের কী পরিমাণ কর্মী প্রয়োজন এবং কোন ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী দরকার, তা জানাবে। পরে সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ইতালি  কর্মী নিয়োগ  সুযোগ  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: