টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে পর্যটক ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর

2026-11-14T06:19:45+00:00
2026-11-14T06:19:45+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রবাস
টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:১৯ এএম 
টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ । ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে পর্যটক ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হচ্ছে। এ ভিসায় ভারতে গিয়ে পর্যটনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া, স্বল্পমেয়াদি চিকিৎসা, ব্যবসায়িক বৈঠক, সুস্থতা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সেও অংশ নেওয়া যাবে। একই সঙ্গে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হচ্ছে। আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে এ ভিসা সংস্কারের কাজ শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার।

পর্যটক ভিসার নতুন নাম ‘ভিজিটর ভিসা’

নতুন ভিসা কাঠামোয় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এ ভিসার আওতায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২- দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।

ভি-১ ভিসা: এ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প এবং স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।

ভি-২ ভিসা: তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য এ ভিসা দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি এ ভিসায় পর্বতারোহণের সুযোগও থাকবে। এ ছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসার মেয়াদ হবে এক বছর

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি নাগরিকদের জন্যও ভিসার কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে।

নতুন কাঠামোয় চিকিৎসা ভিসার চারটি উপশ্রেণি থাকবে।

এম-১ ভিসা: আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য।

এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।

এম-৩ ভিসা: আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য।

এম-৪ ভিসা: এম-৩ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।

এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। এসব ভিসার ই-ভিসা সংস্করণেও একই মেয়াদ প্রযোজ্য হবে। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।


ভারত সরকারের প্রত্যাশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের ভোগান্তি কমবে। একই সঙ্গে বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমে আসবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

সময়ের আলো/এসকে

  বিষয়:   টুরিস্ট ভিসা  ভারত  গিয়ে  নেওয়া  যাবে  চিকিৎসক  পরামর্শ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: