মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৩৮ বাংলাদেশিসহ ৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (২২

2026-11-22T22:51:12+00:00
2026-11-22T22:51:12+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম 
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ ৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৩৮ বাংলাদেশিসহ ৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে মোট ৬৪ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পরে অভিবাসন আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ৫২ জনকে আটক করা হয়।

অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি এবং কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন অংশ নেন। 

অভিবাসন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, যাচাই করা ৬৪ জনের মধ্যে ৫৬ জন ছিলেন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি পুরুষ, ১০ জন ইন্দোনেশীয় পুরুষ, তিনজন ইন্দোনেশীয় নারী এবং একজন মিয়ানমারের নাগরিক ছিলেন। যাচাই শেষে তাদের মধ্যে ৫২ জনকে আটক করা হয়।

লোকমান এফেন্দি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাদের কেদাহ অভিবাসন কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের প্রয়োজনে সাক্ষী তলবের একটি নোটিশও জারি করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বেশিরভাগের কাছেই বৈধ ভ্রমণ নথি কিংবা কাজের অনুমতিপত্র ছিল না। আবার কয়েকজন এমন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যাদের নামে তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।

নিয়োগকর্তাদের সতর্ক করে তিনি বলেন, বিদেশি কর্মীদের অবশ্যই বৈধ অস্থায়ী কর্মানুমতিপত্র (পিএলকেএস) থাকতে হবে। একই সঙ্গে অনুমোদিত নিয়োগকর্তার অধীনে এবং নির্ধারিত কর্মখাতেই কাজ করতে হবে। অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা অনুমতিপত্র ব্যবহার কিংবা অনুমোদিত খাতের বাইরে বিদেশি কর্মী নিয়োগ আইনত দণ্ডনীয় অপরাধ।

দেশজুড়ে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার

এদিকে মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬ হাজার ৪২৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

একই সময়ে ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।


সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি কারখানায় বিশেষ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান লোকমান এফেন্দি। তিনি বলেন, প্রতিদিন গড়ে ৩৭টির বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। দিনের কোনো নির্দিষ্ট সময়কে অভিযানের বাইরে রাখা হচ্ছে না।

এ পর্যন্ত ৫২ হাজার ৭৪৩ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

লোকমান এফেন্দি আরও বলেন, শুধু বিদেশি কর্মীরাই নন, অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তাকারী ব্যক্তি, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও অভিযানের আওতায় আনা হচ্ছে। বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে রয়েছে শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষ।

তিনি জানান, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭ লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, বিচারের মুখোমুখি করা এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

মেরুর কারখানায় অভিযানে আটক ৭১ বিদেশি

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মেরু এলাকার একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। এতে বিভাগের উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি এবং প্রয়োগ বিভাগের পরিচালক দাতুক বাসরি ওসমান উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার উপদ্বীপাঞ্চলীয় শ্রম বিভাগের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে ১৩১ জন বিদেশি পুরুষ কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৭১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক। তাদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান, অনুমোদিত পাসের অপব্যবহার এবং বৈধ পরিচয়পত্র না থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযানের সময় কারখানার ভেতরে কর্মীদের আবাসন ব্যবস্থায় অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার চিত্রও পাওয়া যায়। কর্মীদের থাকার জায়গা ছিল অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এবং নির্ধারিত নিরাপত্তামানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ছাড়া গত বুধবার (১৮ নভেম্বর) থেকে দেশজুড়ে ৩৪টি কারখানায় ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৭০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করে ৫১৯ জনকে আটক করা হয়। পাশাপাশি নিয়োগকর্তা ও কারখানার মালিকদের বিরুদ্ধে তদন্তের জন্য ৪২টি সাক্ষী তলবের নোটিশ জারি করা হয়েছে।

অন্যদিকে, শ্রম বিভাগ কর্মীদের আবাসন, বাসস্থান ও সুযোগ-সুবিধার ন্যূনতম মানসংক্রান্ত আইন ১৯৯০ (আইন ৪৪৬) এবং শ্রম আইন ১৯৫৫ অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশি  অভিবাসী 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: