
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত আগামী চার বছরের মধ্যে ১২ লাখ কর্মীর প্রয়োজন হবে অস্ট্রেলিয়ায়। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এই চাহিদা পূরণে বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের কর্মীদের জন্যও দেশটির শ্রমবাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি প্রয়োজন সরকারি উদ্যোগ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অস্ট্রেলিয়ায় মূলত দক্ষ কর্মীর চাহিদা বেশি। বিশেষ করে নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, কৃষি খাতের কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর জন্য সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের কর্মীরা প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে এই শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।
শ্রমিক সংকট মোকাবিলায় গত সেপ্টেম্বর মাসে স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সরকার। চলতি অর্থবছরে দেশটিতে স্থায়ী অভিবাসীর বার্ষিক কোটা ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করা হয়েছে। এর আগে বছরে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার সুযোগ ছিল।
ক্যানবেরায় ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারের জবস অ্যান্ড স্কিলস সামিটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেন, শ্রমিক সংকটের কারণে অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে নার্স, প্রকৌশলী ও কৃষি খাতের কর্মীদের নিয়োগের মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।
ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তিনি বলেন, অস্ট্রেলিয়ার অগ্রাধিকার সবসময় দেশটির নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু করোনাভাইরাসের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে, অন্য সব সম্ভাবনা কাজে লাগানোর পরও স্বল্প মেয়াদে দেশটিতে হাজার হাজার কর্মীর ঘাটতি থেকে যাবে।
দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশের উদ্যোগ প্রয়োজন : অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক ড. আবুল হাসনাত মিল্টন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কর্মীর সংকটকে কাজে লাগাতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।
তিনি জানান, আগে বাংলাদেশ থেকে এক বছরের কর্মভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ ছিল। তবে অনেকেই মেয়াদ শেষে দেশে ফিরে না আসায় পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সরকার এ সুযোগ বন্ধ করে দেয়।
ফিলিপাইনের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার মান অনুযায়ী কর্মীদের দক্ষতা যাচাইয়ের কেন্দ্র রয়েছে। বাংলাদেশেও এ ধরনের দক্ষতা যাচাই কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে কর্মীদের যোগ্যতা যাচাই এবং অস্ট্রেলিয়ার শ্রমবাজারে প্রবেশ সহজ হবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি